সক্রিয় ৪৮৩৯ চোরাকারবারি

প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬

দেশের সীমান্তজুড়ে সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবারিদের বিশাল নেটওয়ার্ক। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি উপেক্ষা করে প্রতিবেশী ভারত ও মিয়ানমার থেকে মাদক, অস্ত্র, গবাদি পশুসহ বিভিন্ন পণ্যের প্রবেশ ক্রমেই বাড়ছে।

 

থেমে নেই মানব ও সোনা পাচার কারবারিদের তৎপরতা। আন্তর্জাতিক চোরাকারবারি সিন্ডিকেটের ইশারায় স্থানীয় হতদরিদ্র মানুষকে প্রলোভনে ফেলে সীমান্তের ফাঁকগলে অব্যাহত রয়েছে এই পাচার প্রক্রিয়া।

 

 

গোয়েন্দা তথ্যে উঠে এসেছে, দেশের সব সীমান্তবর্তী এলাকা দিয়েই দেদার অবৈধ সবকিছু প্রবেশ করছে। এর মধ্যে কোনো সীমান্ত পথ দিয়ে বেশি ঢুকছে মাদক, কোনোটি দিয়ে গবাদি পশু, আবার কোনোটি দিয়ে আনা হচ্ছে অস্ত্র। আর এসব কারবারে জড়িত রয়েছে দেশের সীমান্তবর্তী জেলাগুলোসহ ৩৮ জেলার ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি।

যারা দুর্গম স্থল সীমান্তপথ কিংবা সমুদ্রপথ- সব জায়গাতেই সমানভাবে তৎপর।