বন্দরের গেইট আউট ও ডেলিভারি নিরাপদ করবে দুইটি নাম্বার

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৬

চট্টগ্রাম: দেশের প্রধান সমুদ্রবন্দরে অনাকাঙ্ক্ষিত জালিয়াতি সম্পূর্ণ রোধ করে চূড়ান্ত গেইট আউট ও ডেলিভারি কার্যক্রম অধিকতর নিরাপদ, স্বচ্ছ ও গতিশীল করতে ই-চালানে ‘আর নাম্বার’ ও ‘সিপি নাম্বার’ যুক্ত করা হয়েছে।

বন্দর সচিব (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী গাড়ি চূড়ান্তভাবে গেইট আউট করার ক্ষেত্রে অনলাইন ই-চালান বন্দর কর্তৃপক্ষ এবং ব্যবহারকারী উভয়ের জন্যই একটি চূড়ান্ত দলিল হিসেবে ব্যবহৃত হয়। আমদানিকারক বা সিঅ্যান্ডএফ এজেন্টরা তাঁদের পণ্য ডেলিভারির এই বিশেষ ই-চালানে কাস্টমসের যাবতীয় শুল্ক ও কর পরিশোধের কনফার্মেশন হিসেবে বিল অব এন্ট্রির ‘আর নাম্বার’ এবং চট্টগ্রাম বন্দরের মাশুল বা চার্জ পরিশোধের কনফার্মেশন হিসেবে ‘সিপি নাম্বার’ দেখতে পাবেন।

ই-চালানে এ দুটি পেমেন্ট কনফার্মেশন নম্বর অন্তর্ভুক্ত থাকায় চট্টগ্রাম বন্দরের সংশ্লিষ্ট বিভাগগুলোর জন্য কাস্টমস ও বন্দর উভয়ের ফি পরিশোধের সত্যতা সহজেই যাচাই করা সম্ভব হবে।

চট্টগ্রাম বন্দরের সংশ্লিষ্ট সব বিভাগ, শিপিং এজেন্ট, সিঅ্যান্ডএফ এজেন্ট, আমদানিকারক/কনসাইনি এবং বন্দর ব্যবহারকারীদের সেবা কার্যক্রম আরও দ্রুততর, আধুনিক, সহজীকরণ এবং জাল-জালিয়াতি রোধকল্পে টার্মিনাল অপারেটিং সিস্টেমের (টস) আওতাধীন অনলাইন ই-চালান সিস্টেমে নতুনভাবে বিল অব এন্ট্রির ‘আর নাম্বার’ এবং ‘সিপি নাম্বার’ যুক্ত করার বিষয়টি জানানো হয়েছে বলে জানান বন্দর সচিব।