আশুলিয়ায় দুর্নীতির খবর প্রকাশে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, অভিযুক্ত ইউপি সদস্য প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৬ ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় দুর্নীতির অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিক কামরুল হাসান শরীফকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগ অনুযায়ী, আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল মেম্বারের বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির তথ্য তুলে ধরে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক কামরুল হাসান শরীফ। প্রতিবেদনে মহাসড়কের জন্য বরাদ্দকৃত ইট আত্মসাৎ, অসহায়দের জন্য বরাদ্দ চাল বিতরণে অনিয়ম এবং সেলাই মেশিন বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ তুলে ধরা হয়। প্রতিবেদন প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে ইউপি সদস্য হেলাল মেম্বার সাংবাদিককে বিভিন্নভাবে হুমকি দেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। তিনি জানান, ফোনে এবং অন্যান্য মাধ্যমে তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয়। এমনকি সংবাদ প্রকাশ বন্ধ না করলে ‘মারাত্মক পরিণতি’ ভোগ করতে হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। সাংবাদিক কামরুল হাসান শরীফ বলেন, “পেশাগত দায়িত্ববোধ থেকে দুর্নীতির তথ্য প্রকাশ করেছি। কিন্তু এর জেরে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।” এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে হুমকিদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এলাকাবাসীর একাংশের দাবি, অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও প্রভাবের কারণে কেউ মুখ খুলতে সাহস পাননি। সাম্প্রতিক এই প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযুক্ত হেলাল মেম্বারের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এদিকে, সাংবাদিক কামরুল হাসান শরীফ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। পাশাপাশি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। সুশীল সমাজের প্রতিনিধিরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন গণমাধ্যম হুমকির মুখে পড়বে। SHARES সারা বাংলা বিষয়: