আশুলিয়ায় জিরানী কাজী অফিসে অনিয়মের অভিযোগে ১৩ বছরের কিশোরীর বিয়ে

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জিরানী এলাকায় একটি কাজী অফিসে অনিয়মের মাধ্যমে ১৩ বছর বয়সী এক কিশোরীর বিয়ে পড়ানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জিরানী এলাকার একটি কাজী অফিসে ওই কিশোরীর বিয়ে সম্পন্ন করা হয়। অভিযোগ রয়েছে, মেয়েটির প্রকৃত বয়স ১৩ বছর হলেও জন্মসনদে বয়স বাড়িয়ে দেখিয়ে বিয়ের কাগজপত্র প্রস্তুত করা হয়। এভাবে বয়স জালিয়াতির মাধ্যমে বিয়েটি সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

এলাকাবাসীর দাবি, আইন অনুযায়ী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর হলেও তা উপেক্ষা করে এই বিয়ে সম্পন্ন করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা আরও জানান, কিছু অসাধু দালাল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগসাজশে এ ধরনের শিশুবিবাহ ঘটছে, যা কিশোরীদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে।

সচেতন মহলের মতে, শিশুবিবাহ একটি গুরুতর সামাজিক অপরাধ। সরকার এ ধরনের ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও মাঠপর্যায়ে কিছু অসাধু ব্যক্তির কারণে এখনো এই প্রবণতা পুরোপুরি বন্ধ হয়নি।

এ ঘটনায় দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি প্রশাসন ও সমাজসেবা বিভাগের তদারকি আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কাজী অফিসের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, শিশুবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর নির্ধারণ করা হয়েছে। আইন অমান্য করে বিয়ে সম্পন্ন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।