আশুলিয়ায় প্রতারণা মামলায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৫
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি || সাভারের আশুলিয়ায় প্রতারণা ও জালিয়াতির মামলায় জগদীশ সিং (৫০) নামে এক ভারতীয় নাগরিককে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গতসোমবার (১৩ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হান্নান।
এর আগে রবিবার রাত ১১টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন জমজম টাওয়ার এলাকা থেকে অভিযান চালিয়ে জগদীশ সিংকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি জগদীশ সিংসহ আরও কয়েকজন পরিকল্পিতভাবে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার উদ্দেশ্যে জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া নথি প্রস্তুত করে স্বাক্ষর জাল করেন এবং অর্থ আত্মসাতের চেষ্টা চালান। এ ঘটনায় ভুক্তভোগী আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত জগদীশ সিং ভারতের নাগরিক। প্রায় ১০–১১ বছর আগে তিনি বাংলাদেশি নাগরিক লায়লা শারমিন প্রিয়াকে বিয়ে করেন। এরপর থেকে তিনি ঢাকার গুলশান ও উত্তরায় বসবাস করছেন। তাদের দাম্পত্য জীবনে তিন সন্তান রয়েছে। বর্তমানে তিনি দক্ষিণ খান থানাধীন আর্মি হাউজিং সোসাইটিতে স্ত্রী ও সন্তানদের সঙ্গে বসবাস করছিলেন।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান দেশের কন্ঠকে বলেন, ‘প্রতারণা ও জালিয়াতির মামলায় এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’