ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন নাহিদ হোসেন শুভ (২৮) নামে এক পোশাক শ্রমিক।
সোমবার (১৩ অক্টোবর)সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শুভ ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেডে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ধামরাই উপজেলার রৌহা এলাকার সাবেক ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমানের বড় ছেলে।সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, সকালে নাহিদ মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে পিছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জয়পুরা এলাকায় মহাসড়কের অপরিকল্পিত ডিভাইডারের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। সড়কের মাঝখানে অনিয়মিতভাবে গড়ে তোলা ডিভাইডার পরিবহন চালকদের জন্য হয়ে উঠেছে ভয়াবহ ফাঁদ।
স্থানীয় বাসিন্দা সুজন বলেন, এখানে প্রায়ই দুর্ঘটনা হয়। কিছুদিন পরপরই কারও না কারও প্রাণ যায়। সড়ক ও জনপথ বিভাগের উদাসীনতায় মানুষ মরছে, অথচ কোনো পদক্ষেপ দেখা যায় না।নিহতের বন্ধু রাজিব আহমেদ জানান, আমরা একসঙ্গে এইচএসসি পাশ করেছি। পরিবারের বড় সন্তান হিসেবে নাহিদই সংসারের ভার কাঁধে নিয়েছিল। তার অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নাহিদের মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোক আর আহাজারি। সহকর্মীরা জানিয়েছেন, তিনি পরিশ্রমী ও দায়িত্বশীল কর্মী ছিলেন। সড়কের এমন অব্যবস্থাপনা যেন আর কোনো পরিবারের কান্নার কারণ না হয় এ দাবি জানাচ্ছেন স্থানীয়রা।ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঘাতক ট্রাকটি শনাক্তে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ হাফিজ উদ্দিন, সহযোগী সম্পাদক: খোকন হাওলাদার, প্রধান কার্যালয়: আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন) আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯ বাংলাদেশ থেকে প্রকাশিত।
কপিরাইট © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।