সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, আগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অবহেলা ও অবজ্ঞার চোখে দেখা হত, তাদের নিয়ে সচেতনতার অভাব ছিল। কিন্তু বর্তমান সরকারের সদিচ্ছা ও আন্তরিক প্রচেষ্টায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিষয়ে সচেতনতা বেড়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাদুঘর আয়োজিত 'বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোর আমাদের উন্নয়নের সহযাত্রী' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সুস্থতায় বড়াই করার কিছু নেই। আমাদের পরিবার ও আত্মীয়-স্বজনের মধ্যেই এ বিশেষ শিশুরা রয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঠিক পরিচর্যা ও সমাজে সুপ্রতিষ্ঠিত করাই সুস্থতার পরিচায়ক। আমরা শুধু বাইরে থেকে এ শিশুদের দেখি। কিন্তু একমাত্র পিতা-মাতার পক্ষেই তাদের গভীরভাবে অনুভব করা সম্ভব।
বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংস্কৃতি সচিব মো. আবুল মনসুর, ‘বিউটিফুল মাইন্ড’ স্কুলের অধ্যক্ষ ও বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের চেয়ারম্যান ডা. শামীম মতিন চৌধুরী, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান, জনশিক্ষা বিভাগের কিপার শিহাব শাহরিয়ার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ হাফিজ উদ্দিন, সহযোগী সম্পাদক: খোকন হাওলাদার, প্রধান কার্যালয়: আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন) আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯ বাংলাদেশ থেকে প্রকাশিত।
কপিরাইট © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদিত।